বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা

বরিশাল সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা

জাতীয় ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন। সকাল ৬টার পর তার গাড়ি বহর বরিশাল অভিমুখে যাত্রা শুরু করে। দিনব্যাপী এ সফরে তিনি বৃক্ষরোপণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সাংগঠনিক মতবিনিময় সভায় অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় নির্ধারিত কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোর খাল সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি। এরপর জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং সংলগ্ন সাগরনদীর পাশেও তিনি বৃক্ষরোপণ করবেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশব্যাপী সবুজায়নের অংশ হিসেবে এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে।

বৃক্ষরোপণ ছাড়াও প্রধানমন্ত্রী বরিশালে ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এই কার্ড বিতরণ করা হবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকারি কর্মসূচির পাশাপাশি এই সফরে রাজনৈতিক অঙ্গনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিকেল নাগাদ প্রধানমন্ত্রী বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি বিশেষ সাংগঠনিক সভায় যোগ দেবেন। সেখানে তিনি স্থানীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করবেন। সফর শেষে আজ সন্ধ্যায়ই প্রধানমন্ত্রীর সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ