স্বরাষ্ট্র বিষয়ক ডেস্ক
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সরকারকে বিব্রত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, এই আন্দোলনের আড়ালে থাকা কিছু মহল নিজেদের পরিচয় গোপন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বা সম্পৃক্ত রয়েছে, তাদের একটি বড় অংশ প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নয়। উদ্দেশ্যমূলকভাবে সরকারকে অস্বস্তিতে ফেলতেই একটি মহল এ ধরনের পরিস্থিতি তৈরি করছে।
সম্প্রতি চলমান পরীক্ষার অনিয়ম ও শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি বা ব্যর্থ হয়েছে, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলোর সময় ওই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে তিনি বলেন, এ ঘটনা তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, ভুল হওয়া প্রশ্নগুলোর নম্বর পরীক্ষার্থীদের প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট মন্ত্রী ইতিমধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। এরপর এ বিষয়ে আর নতুন করে কোনো বিতর্কের অবকাশ নেই বলে তিনি মনে করেন।
আন্দোলনের ব্যাপকতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়টিকে খুব বেশি গুরুত্বের সাথে দেখছে না। তার ভাষ্যমতে, ঢাকা ও দেশের কয়েকটি জেলায় সীমিত সংখ্যক মানুষের অংশগ্রহণে এই আন্দোলন সীমাবদ্ধ। গণমাধ্যমে প্রচার পাওয়ার কারণে বিষয়টি আপাতদৃষ্টিতে বড় মনে হলেও মাঠ পর্যায়ে এর প্রভাব তেমন নেই। তিনি আরও বলেন, দেশের একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে অতীতে সচিবালয় ঘেরাও বা পরীক্ষা স্থগিত করার মতো যে ‘অপসংস্কৃতি’ গড়ে উঠেছিল, বর্তমান কিছু কর্মকাণ্ডে সেই প্রবণতার পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে।
সাবেক সরকারের আমলে প্রচলিত ‘অটোপাস’ ও ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার ব্যবস্থার তীব্র সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, সেই ধারা শিক্ষার মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। বর্তমান সরকার শিক্ষার মান পুনরুদ্ধার, মেধাভিত্তিক মূল্যায়ন এবং প্রযুক্তি ও প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। যেকোনো মূল্যে নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আন্দোলনের ছবি ও পুলিশের হামলার অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পুরোনো ছবি ও ভিডিও ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি একে ‘ডিসইনফরমেশন’ বা অপপ্রচার হিসেবে আখ্যায়িত করে বলেন, প্রকৃত পরিস্থিতি ও তথ্য সবার সামনেই রয়েছে। বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে জনমতকে ভিন্ন দিকে প্রবাহিত করার এই অপচেষ্টা সফল হবে না।
আন্দোলনের নেপথ্যে কোনো রাজনৈতিক বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও তিনি দৃঢ়তার সাথে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সতর্ক রয়েছে এবং জনশৃঙ্খলা রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।


