রাজবাড়ীতে বালুমহল বিরোধে সংঘর্ষে ১২ বছরের শিশু গুলিবিদ্ধ

রাজবাড়ীতে বালুমহল বিরোধে সংঘর্ষে ১২ বছরের শিশু গুলিবিদ্ধ

রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর কলেজপাড়া এলাকায় বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বালুমহল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের একপর্যায়ে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী শিশু গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ শিশুর নাম সিফাত। সে স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলামের যমজ ছেলেদের একজন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে বালুমহল নিয়ে বিবাদ চরমে পৌঁছালে গুলি ছোড়া হয়। এ সময় একটি গুলি শিশুর পেটের উপরের অংশে, বক্ষপিঞ্জরের নিচে আঘাত করে। গুরুতর আহত সিফাত ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে তার মা দ্রুত রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

সদর হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. নূরুল আজম শিশুটিকে তাৎক্ষণিক পরীক্ষা করেন এবং সার্জারি বিশেষজ্ঞ ডা. রাজীব দে সরকারকে ডাকেন। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, শিশুটি গানশট ইনজুরড অ্যাবডোমেন ও হাইপোভলিউমিক শকে আক্রান্ত ছিল। গুলির আঘাতে খাদ্যনালির একটি অংশ পারফরেশন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। দ্রুত রিসাসিটেশন ও চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে শিশুটির জ্ঞান ফিরে আসে এবং তার ভাইটাল সাইনস স্থিতিশীল থাকে।

পরবর্তীতে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটির মা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালীন সময়ে বাড়ির আশপাশে ভাঙচুর ও গোলাগুলি ঘটছিল এবং হঠাৎ করেই তার সন্তানের পেটে গুলি লাগে। তিনি জানিয়েছেন, সদর হাসপাতালের ডাক্তারদের দ্রুত চিকিৎসা কার্যক্রম না থাকলে সন্তানকে বাঁচানো সম্ভব হতো না।

শিশুটির বাবা মো. শফিকুল ইসলাম বলেছেন, চিকিৎসা সম্পন্ন হওয়ার পর তারা মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে আইনি সহায়তা গ্রহণ করবেন।

রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানিয়েছে, সংঘর্ষে জড়িত দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই শত্রুতা বিরাজ করছিল। ঘটনার দিন একটি পক্ষ প্রতিপক্ষকে ঘায়েল করতে গুলি চালায়, তবে শিশু ঘটনাস্থলের কাছে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

রাজনীতি শীর্ষ সংবাদ