সালাহউদ্দিন আহমদ মনোনয়ন দাখিল করলেন কক্সবাজার-১ আসনে

সালাহউদ্দিন আহমদ মনোনয়ন দাখিল করলেন কক্সবাজার-১ আসনে

রাজনীতি ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে (চকরিয়া ও পেকুয়া) ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিলকৃত মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত বাৎসরিক আয় ও ব্যয় বিবরণী (ফরম-২১) অনুযায়ী, তিনি ২০২৫-২৬ করবর্ষের জন্য আনুমানিক বাৎসরিক আয় ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬ শত ২৭ টাকা এবং ব্যয় ৩৬ লাখ ৬৮ হাজার ৫ শত ৫৯ টাকা দেখিয়েছেন।

হলফনামার তথ্যানুযায়ী, সালাহউদ্দিনের আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে কৃষিখাত থেকে ৬ লাখ টাকা, স্থাবর সম্পত্তি ভাড়া থেকে ৩ লাখ ২০ হাজার টাকা, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান পেকুয়া লাইভষ্টক ফিশারীজ ফার্ম থেকে ৫ লাখ ৬৫ হাজার টাকা, ব্যাংক আমানত থেকে ১১ হাজার ৩২৬ টাকা, কোম্পানির পরিচালক হিসেবে সম্মানি বাবদ ২৬ লাখ ৪০ হাজার টাকা এবং অন্যান্য উৎস থেকে (জমি বিক্রি থেকে মূলধনী আয়) ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১১ টাকা।

স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণে দেখা যায়, সালাহউদ্দিনের নগদ অর্থ রয়েছে ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা, এবং তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের নগদ অর্থ ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর জমা আছে ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা, স্ত্রীর নামে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা। শেয়ার ও বিনিয়োগের ক্ষেত্রে সালাহউদ্দিনের অর্জনকালীন মূল্য ১৯ লাখ টাকা, স্ত্রীর শেয়ার বিনিয়োগের বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার মূল্য ৯৯ লাখ ৯৫ হাজার টাকা।

যানসম্পত্তি হিসেবে সালাহউদ্দিনের ব্যবহৃত একটি কার এবং দুটি জীপের মূল্য প্রায় ৫৭ লাখ টাকা, স্ত্রীর গাড়ি ও জীপের মূল্য সাড়ে ৬৫ লাখ টাকা। এছাড়া বিভিন্ন সময়ে প্রাপ্ত উপহার হিসেবে সালাহউদ্দিন পেয়েছেন ১২.৩ তোলা স্বর্ণ (মূল্য ৮০ হাজার টাকা), স্ত্রী হাসিনা আহমদের কাছে রয়েছে ২৪.৮ তোলা স্বর্ণ। ৩টি আগ্নেয়াস্ত্রের মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা হিসেবে দেখানো হয়েছে।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ২৪.৩৬ একর কৃষিজমি, ৯.৪৩ একর অকৃষি জমি, পেকুয়ায় তিনতলা নিজ বাসভবন (১২,২০৮ বর্গফুট), কক্সবাজার শহরের কলাতলীতে ছয়তলা ভবন (১৮,১৫০ বর্গফুট) এবং ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট (৪,০১৯ বর্গফুট)।

হলফনামায় তিনি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায়ের পরিমাণ ৭ কোটি ৫৪ লাখ টাকা উল্লেখ করেছেন। সালাহউদ্দিন ১৯৯৬ সালের ষষ্ঠ, সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০১-২০০৬ সালের চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নির্বাচনে তার স্ত্রী ধানের শীষ প্রতীক নিয়ে কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাজনীতি শীর্ষ সংবাদ