জনগণের সেবায় নিবেদিত হয়ে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের আহ্বান রাষ্ট্রপতির

জনগণের সেবায় নিবেদিত হয়ে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের আহ্বান রাষ্ট্রপতির

জাতীয় ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার নির্দেশ দিয়েছেন। রবিবার (৩ মে) সন্ধ্যায় বঙ্গভবনে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, জেলা প্রশাসকরা মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হলেও তাদের মূল পরিচয় তারা জনগণের সেবক। এই মানসিকতা লালন করেই জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ জাতীয় নেতৃবৃন্দের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, জেলা প্রশাসক সম্মেলন সরকারের নীতি-নির্ধারণ এবং তা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। মাঠ পর্যায়ের বাস্তব সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনার মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের পথ প্রশস্ত হয়।

বর্তমান প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সেবামুখী প্রশাসন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সরকারি কর্মসূচি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জনস্বার্থই যেন সবকিছুর ঊর্ধ্বে থাকে। সাধারণ মানুষের অভিযোগ শুনে তা দ্রুত নিষ্পত্তি করার জন্য তিনি জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেন। একইসঙ্গে তথ্যপ্রযুক্তির সুষম ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি জ্বালানি সংকট মোকাবিলা, নিয়মিত বাজার মনিটরিং এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন। রাষ্ট্রীয় অর্থের অপচয় রোধ এবং স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার বিষয়েও তিনি সজাগ থাকার পরামর্শ দেন। অনলাইন প্ল্যাটফর্মে গুজব, অপতথ্য এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ দমনে প্রশাসনকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় বাড়ানোর কথা বলেন।

ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণ, নারী ও শিশু সুরক্ষা, যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং মাদক নিয়ন্ত্রণের মতো সামাজিক ইস্যুগুলোতে জেলা প্রশাসকদের অগ্রণী ভূমিকা পালনের তাগিদ দেন রাষ্ট্রপতি। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তিনি অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। প্রশাসনের সকল স্তরে স্বচ্ছতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ সৃষ্টির নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য প্রদান করেন। এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন যে, জেলা প্রশাসকরা তাদের মেধা, দক্ষতা ও নিষ্ঠা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও জনকল্যাণে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখবেন। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

জাতীয় শীর্ষ সংবাদ