অর্থ বাণিজ্য ডেস্ক
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানকে এই কমিটির সভাপতি করা হয়েছে। গতকাল রবিবার (১৪ জুন) সংসদ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।
স্পিকারের পক্ষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চিফ হুইপ নূরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবগুলো কণ্ঠভোটে দেওয়া হলে তা সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়। বাংলাদেশের সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, সরকারের আর্থিক নীতি, বাজেট বাস্তবায়ন এবং অর্থ মন্ত্রণালয়ের কার্যক্রমের ওপর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত এই স্থায়ী কমিটিতে মোট নয়জন সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— নূরুল ইসলাম (বরগুনা-২), মীর শাহ আলম (বগুড়া-২), মোহাম্মদ জালাল উদ্দীন (চাঁদপুর-২), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২), মোহাম্মদ শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১), মোহাম্মদ সাইফুল আলম (ঢাকা-১২), সৈয়দ জয়নুল আবেদীন (ঢাকা-৪) এবং মো. আবুল হাসনাত (কুমিল্লা-৪)। এছাড়া পদাধিকার বলে অর্থমন্ত্রী এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
সংসদীয় গণতন্ত্রে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রের প্রধান আর্থিক খাতগুলোর তদারকি, রাজস্ব নীতি পর্যালোচনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ব্যয় বরাদ্দের স্বচ্ছতা যাচাই করা এই কমিটির অন্যতম প্রধান কাজ। নতুন এই কমিটি গঠনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের জবাবদিহিতা এবং রাষ্ট্রীয় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার প্রক্রিয়া আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


