আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে দুটি প্রধান মহাসড়কে আধা ঘণ্টার ব্যবধানে চালানো ধারাবাহিক বন্দুকহামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ইন্টারস্টেট-৬৭০ এবং ইন্টারস্টেট-৭০ মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ হামলার প্রধান সন্দেহভাজন হিসেবে ২২ বছর বয়সী অস্কার সানচেজ-মুনোজ নামের এক যুবককে চিহ্নিত করে তাকে অত্যন্ত বিপজ্জনক ও সশস্ত্র ঘোষণা করেছে।
হামলার সময় একটি উবার গাড়িতে করে একদল ফুটবল সমর্থক আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাচ্ছিলেন। চলন্ত গাড়িটিকে লক্ষ্য করে পাশ থেকে অন্য একটি গাড়ি থেকে দুই রাউন্ড গুলি চালানো হয়। এতে উবার চালক পায়ে গুরুতর আঘাত পান। স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই হামলার সঙ্গে চলমান ফুটবল বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই।
হামলার পরপরই পুলিশ মিসৌরির ইন্ডিপেন্ডেন্স এলাকার একটি বাড়িতে সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে সেটি ঘিরে ফেলে। অভিযানের একপর্যায়ে ওই বাড়ির অভ্যন্তরে রহস্যজনকভাবে আগুন ধরে যায়। পরবর্তীতে সোয়াট টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী ভেতরে প্রবেশ করলেও সন্দেহভাজনকে সেখানে পাওয়া যায়নি। কানসাস সিটির পুলিশ প্রধান স্ট্যাসি গ্রেভস এক সংবাদ সম্মেলনে জানান, অপরাধীকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর মাত্র ১০ দিন আগে কানসাস সিটিতে ইংল্যান্ড ফুটবল দলের বিশ্বকাপ বেসক্যাম্প থেকে চার মাইল দূরে আরেকটি বন্দুক হামলায় ৯ জন আহত হয়েছিলেন। সাম্প্রতিক এই ধারাবাহিক সহিংসতার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।


