ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: ২ শিক্ষার্থী কারাগারে

শিক্ষাপ্রতিষ্ঠানটির বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝিতে একটি ককটেল বিস্ফোরণের মামলায় নিউ মার্কেট থানায় মামলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দিয়েছেন।

এছাড়া প্রতিষ্ঠানটির আরেক শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন শিশু আদালত-২ এর বিচারক সিরাজাম মুনীরা।

কারাগারে যাওয়া দুই শিক্ষার্থী হলেন- আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি।

শনিবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের হলের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনায় এ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে নিউ মার্কেট থানায় মামলা করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান সহকারী মো. আবু জায়েদ।

তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী রোববার তাদের আদালতে হাজির করে কারাগারে ও কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করেন। এসময় তাদের পক্ষে জামিনের আবেদন ছিল না বলে প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন জানিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, শনিবার রাত ১২টার দিকে ঢাকা কলেজের বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝিতে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। হলের ছাত্ররা বের হয়ে ঘটনাস্থলে যান এবং তিনজনকে আটক করেন। তাদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নেওয়া হয়।

খবর পেয়ে নিউ মার্কেট থানা পুলিশ ওই তিনজনকে হেফাজতে নেয়। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়, “আরও তিন-চারজন পারস্পরিক যোগসাজশে কলেজ ক্যাম্পাসের শান্ত পরিস্থিতি অস্বাভাবিক, ছাত্রদের মধ্যে আতঙ্ক তৈরি ও সম্পদের ক্ষতি সাধনে ককটেল জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সৃষ্টিসহ জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের চেষ্টা করেন।”

অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?

তৌফিক ভাই: এক জীবনে দ্বিতীয়বার বাবা হারানোর শূন্যতা

জাতীয়