দলের এমপিদের দ্রুত এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় সংসদ সদস্যদের অবিলম্বে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে রাজপথে সক্রিয় থেকে রাজনৈতিকভাবেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মোকাবিলার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমান এই নির্দেশনা দেন। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে জানতে চাইলে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেন, নির্বাচনী এলাকায় সাংগঠনিক কাজ জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, হামলা, ভাঙচুর ও নাশকতার জবাব আমরা রাজনৈতিকভাবেই দেব। কোনো ধরনের উসকানিতে পা দিয়ে দেশে বিশৃঙ্খলা করতে চাই না। সবকিছু রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন জানান, দলীয় প্রধানের বার্তা ছিল স্পষ্ট—আমরা রাজপথে নেমেছি, রাজপথে আছি এবং রাজপথেই থাকব।

তিনি আরও বলেন, ডিসেম্বরের কর্মসূচির জন্য অপেক্ষা না করে সংসদ সদস্যদের এখনই এলাকায় যেতে বলা হয়েছে। সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে একাধিক সংসদ সদস্য অভিযোগ করেন, স্থানীয় প্রশাসন তাদের কথা শুনছে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে পূর্ণ সহযোগিতা করছে না।

চারজন সংসদ সদস্য জানান, এই অভিযোগ শুনে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনারা সরকারি দলের এমপি। কীভাবে বলেন যে প্রশাসন আপনাদের কথা শোনে না? আন্দোলনে বিজয়ী হয়ে আপনারা এই অবস্থানে এসেছেন। তাদের আপনাদের কথা শুনতেই হবে।

যেসব কর্মকর্তা সহযোগিতা করছেন না, তাদের তালিকা সরাসরি তার কাছে পাঠানোর নির্দেশ দেন তিনি।

এ ছাড়া স্থানীয় পর্যায়ে দলীয় নেতাদের সঙ্গে দূরত্ব বা মতভেদ থাকলে তা দ্রুত মিটিয়ে ফেলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সংসদ সদস্যদের নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান।

জাতীয়