দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সাম্প্রতিক সময়ে সহিংসতা ও বিশৃঙ্খলার কিছু ঘটনা ঘটলেও বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রয়েছে। এসব ঘটনা বিদেশি বিনিয়োগ কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

জার্মানি সফর শেষে আজ দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই। সফরকালে জার্মানির সরকারি কর্মকর্তা, বিনিয়োগকারী কিংবা উন্নয়ন সহযোগীদের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো উদ্বেগ তিনি লক্ষ্য করেননি।

তৈরি পোশাক (আরএমজি) খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষকে বৃহত্তর রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতিফলন হিসেবে দেখার ধারণা নাকচ করে তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো সরকার দ্রুততার সঙ্গে সমাধান করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের সমর্থকেরা শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগানোর চেষ্টা করেছে। এটিকে রাজনৈতিক অস্থিতিশীলতা বলা যায় না। বাংলাদেশের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরাও পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে শামা বলেন, শ্রমিক ও কারখানার মালিকদের মধ্যে সহযোগিতা এ খাতের অগ্রগতি অব্যাহত রাখা ও আরও শক্তিশালী করতে সহায়তা করবে। অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও অন্যান্য বিশৃঙ্খল কর্মকাণ্ডের সাম্প্রতিক ঘটনাগুলো বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করবে-এমন আশঙ্কাও নাকচ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। সরকার আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত নৃশংসতার জন্য পাকিস্তানের দায় স্বীকারের বিষয়ে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে তাদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশের প্রত্যাশা করে। ১৯৭১ সালে যা ঘটেছিল, তার জন্য পাকিস্তান অনুতপ্ত হবে-আমরা অবশ্যই আশা করি। মুক্তিযুদ্ধের মর্যাদা ও চেতনা সমুন্নত রেখে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয়