জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। ত্রুটি শনাক্ত হওয়ার পর বিমানটিকে টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। এতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার প্রায় ৪০ মিনিট পরও বিমানটি উড্ডয়ন করতে পারেনি। এ সময় ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হওয়ার কথা জানান এবং এ জন্য দুঃখ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের একজন জানান, কারিগরি ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমান থেকে নামিয়ে বিমানবন্দরের লবিতে নিয়ে যাওয়া হয়। পরে অন্য যাত্রীদেরও লবিতে স্থানান্তর করা হয়।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক করেন। পাশাপাশি দেশটির বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন।

