বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাওয়া শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর)। সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ কর্মী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট।
এর মাধ্যমে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও কর্মী নিয়োগ শুরু হচ্ছে।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক আজ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে আজ সন্ধ্যা ৭টায় ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন। তারা ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়াতে মাসিক ১৭শ রিঙ্গিত মূল বেতনে তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগকর্তার দেওয়া আবাসন ও চিকিৎসা সুবিধাসহ কাজ করবেন।
রাশেদুল হক আরও বলেন, আজ বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান এই রেমিটেন্স যোদ্ধাদের বিদায় জানাবেন।
বাংলাদেশি কর্মীদের সবার যাতায়াতসহ যাবতীয় খরচ নিয়োগদাতা প্রতিষ্ঠান দিচ্ছে বলেও জানান রাশেদুল হক।
ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।
এর আগে লটারির মাধ্যমে কর্মীদের বাছাই করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগ পেতে ৬-৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এর মধ্য থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল।

