একজন খেলোয়াড় কম নিয়েও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ইংল্যান্ড। ম্যাচের ৬৩ মিনিটে মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও বাকি সময় দৃঢ় প্রতিরোধ গড়ে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা। এই হারে ২০২৪ সালের মার্চ থেকে চলা স্পেনের টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের অবসান ঘটেছে।
ম্যাচের শেষ মুহূর্তেও উত্তেজনা কমেনি। যোগ করা সময়ে ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্রাফোর্ড দুর্দান্ত দুটি সেভ করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচের প্রথম ৬০ মিনিটে পুরোপুরি আধিপত্য ছিল ইংল্যান্ডের। এ সময়ের মধ্যে তিনটি গোল করে বড় ব্যবধানে এগিয়ে যায় দলটি। কিন্তু ৬৩ মিনিটে স্পেনের তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে বক্সের মধ্যে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন ইংলিশ মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসন।
পেনাল্টি থেকে গোল করে স্পেনের হয়ে ব্যবধান কমান মিখেল ওয়ারসাবাল। এরপর নিকো উইলিয়ামসের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-২। ফলে ম্যাচে ফেরার সুযোগ তৈরি হয় স্বাগতিকদের সামনে। তবে বাকি সময় ১০ জন নিয়েও ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি স্পেন।
ইংল্যান্ডের গোল উৎসব শুরু হয় প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে। পাউ কুবার্সির ফাউলের শিকার হয়ে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক হ্যারি কেন।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে ডেকলান রাইসের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন এজরি কনসা। এর সাত মিনিট পর বেন হোয়াইটের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর অ্যান্ডারসনের লাল কার্ড এবং স্পেনের পরপর দুই গোল ম্যাচে নতুন উত্তেজনা তৈরি করে। তবে থমাস টুখেলের দল শেষ পর্যন্ত লিড ধরে রাখতে সক্ষম হয়। এই জয়ে উয়েফা নেশনস লিগের গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।
এই ম্যাচের আগে পেনাল্টি শ্যুটআউটের হিসাব বাদ দিলে টানা ৪৩ ম্যাচে অপরাজিত ছিল স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের হারের পর থেকে এমন ধারাবাহিকতা ধরে রেখেছিল লা রোহা। এই সময়ের মধ্যে ইউরো ২০২৪ জয়সহ আন্তর্জাতিক ফুটবলে দারুণ সাফল্য পেয়েছে স্পেন। ২০২৫ সালের নেশনস লিগ ফাইনালেও পর্তুগালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল তারা। তবে শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুটআউটে হেরে যায় স্পেন।
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে টানা ১২ ম্যাচে জয় পেয়েছিল স্পেন। চলতি নেশনস লিগের আগের পাঁচ ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছিল দলটি। কিন্তু ১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে এবার থামল তাদের দীর্ঘ অপরাজিত থাকার যাত্রা।


