জ্বালানি তেলের জরুরি আমদানির জন্য আজ শনিবার মন্ত্রিসভা কমিটির বৈঠক

জ্বালানি তেলের জরুরি আমদানির জন্য আজ শনিবার মন্ত্রিসভা কমিটির বৈঠক

 

অর্থ বাণিজ্য ডেস্ক

মোট ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে আজ শনিবার জরুরি ভিত্তিতে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা ১৫ মিনিটে ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিতব্য বৈঠকে উভয় কমিটির সভাপতি, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করবেন।

বৈঠকে প্রথমে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে নীতিগত অনুমোদনের জন্য বিভিন্ন ধরনের মোট ১৭ লাখ টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব উপস্থাপন করা হবে। নীতিগত অনুমোদন পেলে তা ক্রয় কমিটির বৈঠকে উপস্থাপন করে চূড়ান্ত অনুমোদন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি মজুদ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বিবেচনায় বৈঠক ডাকা হয়েছে।

ক্রয় কমিটির বৈঠকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক (ইউএই) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিওর কাছ থেকে সরাসরি ক্রয়পদ্ধতিতে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন, ইউএইর অন্য একটি কোম্পানি ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসির কাছ থেকে এক লাখ টন ডিজেল এবং কাজাখস্তানের কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপির কাছ থেকে পাঁচ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব উপস্থাপন হতে পারে।

এর আগে, গত ৩১ মার্চ ক্রয় কমিটির বৈঠকে মোট ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্যমতে, চলতি এপ্রিলে দেশে ডিজেলের চাহিদা প্রায় সাড়ে তিন লাখ টন। আজ উপস্থাপিত প্রস্তাবিত ১৭ লাখ টনের মধ্যে ১৬ লাখ টন ডিজেল, যা অনুমোদিত হলে আগামী মে ও জুনের মধ্যে দেশে প্রবেশ করবে।

বিপিসির নীতি অনুযায়ী ক্রয় কমিটিতে অনুমোদনের পর সংশ্লিষ্ট কোম্পানিগুলো থেকে পারফরম্যান্স গ্যারান্টি (পিজি) গ্রহণ করা হবে। এরপর বিপিসি ঋণপত্র (এলসি) খোলা এবং কোম্পানিগুলোকে কার্যাদেশ প্রদান করবে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব ও মুখপাত্র মনির হোসেন চৌধুরী মুঠোফোনে বলেন, “জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির জন্যই সরকার এই জরুরি বৈঠক ডেকেছে। দেশে অকটেনের সরবরাহে কোনো সংকট নেই এবং চলতি এপ্রিলে ডিজেলেরও সরবরাহ পর্যাপ্ত।”

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ