বিনোদন ডেস্ক
দীর্ঘ সাত বছরের বিরতির পর পুনরায় আয়োজিত জনপ্রিয় সৌন্দর্য প্রতিযোগিতা ‘লাক্স সুপারস্টার’-এর মুকুট উঠেছে রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতার মাথায়। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তিনি বিজয়ী হন। বিজয়ী ঘোষণা হওয়ার মুহূর্তে বিদুষী আবেগে ভেঙে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও শুভানুধ্যায়ীরা এই আবেগঘন দৃশ্য প্রত্যক্ষ করেন।
বিজয়ী বিদুষী বর্ণিতার হাতে তুলে দেওয়া হয় স্বরোভস্কি ক্রিস্টালের ট্রফি এবং একটি বিলাসবহুল গাড়ির চাবি। এছাড়া, তিনি ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে রায়হান রাফী পরিচালিত একটি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগও পেয়েছেন। প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল, যিনি পাঁচ লাখ টাকার চেক পান। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম, যিনি তিন লাখ টাকা পুরস্কারে ভূষিত হন।
এবারের আসরের বিজয়ী ও সেরা প্রতিযোগীদের জন্য আরও সুযোগ সৃষ্টি হচ্ছে। নির্মাতা শিহাব শাহীন ঘোষণা দিয়েছেন, তারা একটি ওয়েব চলচ্চিত্রে অংশগ্রহণ করবেন, যা নতুন প্রতিভাদের শোবিজ অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করার সুযোগ দেবে।
মেন্টর হিসেবে এবারের আসরে দায়িত্ব পালন করেছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী এবং রায়হান রাফী। তাঁদের নির্দেশনায় প্রতিযোগীরা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও শাণিত করেছেন। চূড়ান্ত পর্ব সঞ্চালনা করেছেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, আজমেরী হক বাঁধনসহ শোবিজ অঙ্গনের আরও অনেক তারকা।
লাক্স সুপারস্টার প্রতিযোগিতা ২০০৫ সালে শুরু হলেও ২০১৮ সালের পর এটি বন্ধ ছিল। দীর্ঘ বিরতির পর নতুন উদ্যমে ফিরেছে এই প্রতিযোগিতা, যা দেশের যুব সমাজ ও নতুন প্রতিভাদের জন্য শোবিজ অঙ্গনে নিজেকে পরিচিত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।
এবারের আসর দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাসের সৃষ্টি করেছে এবং স্থানীয় ও জাতীয় শোবিজ অঙ্গনে নতুন মুখদের জন্য সুযোগের পথ প্রসারিত করেছে।


