মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সরকারের কঠোর অবস্থান: পার্বত্য মন্ত্রী

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সরকারের কঠোর অবস্থান: পার্বত্য মন্ত্রী

বাংলাদেশ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর ও আপসহীন। এসব অপরাধ দমনে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি মাঠপর্যায়ে শতভাগ বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি জানিয়েছেন।

বুধবার বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় জেলার সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয় যাই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না এবং আইন অনুযায়ী সবার বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। জননিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কার্যক্রম সহ্য করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জনপ্রতিনিধিত্বশীল সরকার দেশের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের ফলে উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে ধাপে ধাপে আরও শক্তিশালী ও কার্যকর করা হবে।

পার্বত্য অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ অঞ্চলের জীবনমান উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণ অনেকাংশে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের কার্যক্রমের ওপর নির্ভরশীল। এ জন্য সরকারি কর্মকর্তাদের আরও দায়িত্বশীল, স্বচ্ছ ও জনমুখী হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন সমস্যা ও বাস্তব পরিস্থিতির কথা শোনেন মন্ত্রী। তিনি জানান, তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব না হলে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে ঊর্ধ্বতন পর্যায়ে উপস্থাপন করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় সভায় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ছাড়াও স্থানীয় সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে পার্বত্য অঞ্চলের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভা শেষে মন্ত্রী বান্দরবান জেলা সদরের রাজার মাঠে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক উৎসব ‘মাহা সাংগ্রাই পোয়ে ২০২৬’ উপলক্ষে আয়োজিত মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় তিনি পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক ঐতিহ্য ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান।

জাতীয় শীর্ষ সংবাদ