হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক

চলতি বছরের হজ কার্যক্রম শুরুর প্রাক্কালে হজযাত্রীদের সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, হজযাত্রীদের যথাযথ সেবা দিতে না পারলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত। তিনি বলেন, হজযাত্রীরা রাষ্ট্রের অতিথি এবং তাদের সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ধর্মমন্ত্রী হজক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা, যাত্রীদের আবাসন, স্বাস্থ্যসেবা, নিবন্ধন প্রক্রিয়া এবং অন্যান্য প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে পবিত্র সফরে যেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তাদের যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তি যেন না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

ধর্মমন্ত্রী আরও বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত, যা পালনের জন্য মুসল্লিরা দীর্ঘদিন অপেক্ষা করেন। তাই এই যাত্রাকে সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থা ও কর্মীদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এদিকে, শুক্রবার মধ্যরাত থেকে চলতি বছরের হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। প্রথম ফ্লাইটটি রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এতে ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন।

হজ মৌসুমকে কেন্দ্র করে ইতোমধ্যে আশকোনা হজক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসা যাচাই, প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান কার্যক্রম জোরদার করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজ কার্যক্রমের প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করবে ৬টি ফ্লাইট এবং সৌদি আরবের সাউদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করবে বাকি ফ্লাইটগুলো।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি মেডিক্যাল টিম সৌদি আরবে পৌঁছেছে। এই দলটি সেখানে অবস্থান করে বাংলাদেশি হজযাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে ফ্লাইট পরিচালনার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই সকল হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছে দেওয়া হবে। এজন্য বিমানবন্দর, হজক্যাম্প এবং সংশ্লিষ্ট সকল দপ্তরে সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ