বাংলাদেশ সফরকে সামনে রেখে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করল পাকিস্তান

বাংলাদেশ সফরকে সামনে রেখে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিরিজে দল পরিচালনার দায়িত্বে বড় পরিবর্তন আনা হয়েছে। শান মাসুদ অধিনায়ক হিসেবে বহাল থাকলেও প্রধান কোচের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে। দীর্ঘ প্রতীক্ষার পর শূন্য থাকা এই পদে সরফরাজকে নিয়োগ দেওয়ার মাধ্যমে পাকিস্তান ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

ঘোষিত স্কোয়াডে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ চারজন নতুন মুখকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন—আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। তরুণ এই ক্রিকেটারদের অন্তর্ভুক্তিতে দলের শক্তিমত্তা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিফলন দেখা গেছে। দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন আসাদ শফিক এবং বোলিং বিভাগে কোচ হিসেবে থাকছেন উমর গুল।

সিরিজের প্রস্তুতি হিসেবে করাচিতে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে পিসিবি। ২৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্প চলবে ১ মে পর্যন্ত। বর্তমানে স্কোয়াডের পাঁচ ক্রিকেটার—আজান আওয়াইস, ইমাম-উল-হক, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী ও সাজিদ খান লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) লাল বলের ক্যাম্পে অনুশীলন করছেন। বাকি ক্রিকেটাররা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত রয়েছেন। টুর্নামেন্টে নিজস্ব ফ্র্যাঞ্চাইজির খেলা শেষে তারা ক্যাম্পে যোগ দেবেন। কোনো ক্রিকেটারের দল পিএসএল ফাইনালে উঠলে তিনি সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন।

সূচি অনুযায়ী, ২ মে পাকিস্তান দল বাংলাদেশে পৌঁছাবে। সিরিজের প্রথম টেস্টটি আগামী ৮ মে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। এরপর ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি

খেলাধূলা শীর্ষ সংবাদ