দেশজুড়ে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘দম’: প্রেক্ষাগৃহের তালিকায় দেশের বড় সব সিঙ্গেল স্ক্রিন

দেশজুড়ে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘দম’: প্রেক্ষাগৃহের তালিকায় দেশের বড় সব সিঙ্গেল স্ক্রিন

বিনোদন ও সংস্কৃতি ডেস্ক

মাল্টিপ্লেক্সের পর এবার সারা দেশের একক প্রেক্ষাগৃহগুলোতে (সিঙ্গেল স্ক্রিন) মুক্তি পেতে যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দম’। আগামী ২৪ এপ্রিল থেকে ঢাকার মধুমিতা ও শ্যামলীসহ দেশের ৫০টিরও বেশি প্রেক্ষাগৃহে সিনেমাটি একযোগে প্রদর্শিত হবে। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি বিষয়টি নিশ্চিত করেছে।

চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরে কেবল মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছিল। প্রযোজনা সংশ্লিষ্টদের মতে, পাইরেসি রোধ এবং কৌশলগত কারণে শুরুতে বড় পরিসরে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দর্শকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এখন দেশের প্রধান শহরগুলোর বড় প্রেক্ষাগৃহগুলোতে এটি প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের শীর্ষস্থানীয় সিনেমা হল যেমন— সাভারের সেনা অডিটোরিয়াম, রংপুরের শাপলা, ময়মনসিংহের ছায়াবাণী, পাবনার রূপকথা, বরিশালের অভিরুচি, জয়দেবপুরের বর্ষা, সিলেটের নন্দিতা এবং যশোরের মণিহারে সিনেমাটি মুক্তি পাচ্ছে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। একজন সাধারণ মানুষের অদম্য সাহসিকতার গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী নির্মাতা রেদওয়ান রনি। তিনি জানান, দেশের আপামর জনসাধারণের কাছে দেশীয় প্রেক্ষাপটের এই বিজয়গাঁথা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। চিত্রনাট্যকার হিসেবে পরিচালকের সঙ্গে যুক্ত ছিলেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান, মো. সাইফুল্লাহ ও রবিউল আলম।

উল্লেখ্য, দেশের বাইরেও চলচ্চিত্রটি বাণিজ্যিক সাফল্য অর্জন করেছে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবাসী দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। উত্তর আমেরিকায় প্রথম সপ্তাহে হলের সংখ্যা ৭টি থাকলেও দর্শকদের চাপে তা বর্তমানে ৫০-এ উন্নীত করা হয়েছে। একইভাবে কানাডাতেও প্রথম সপ্তাহে ৮টি হলে এটি মুক্তি পেয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে আফরান নিশোর অভিনয় ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। নিশো জানান, গল্পের শক্ত গাঁথুনি এবং আন্তর্জাতিক মানের নির্মাণশৈলীর কারণেই তিনি এই প্রকল্পে যুক্ত হয়েছেন। সিনেমায় আফরান নিশোর পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরী, আবুল হায়াত, ডলি জহুর ও জাহিদ হাসান। যাঁর জীবনের সত্য কাহিনী থেকে চলচ্চিত্রটি অনুপ্রাণিত, সেই নূর ইসলামও সপরিবারে সিনেমাটি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মৌলিক গল্প এবং বিশ্বমানের কারিগরি উৎকর্ষের কারণে ‘দম’ বাংলা চলচ্চিত্রের নতুন ধারাকে প্রতিনিধিত্ব করছে। পাইরেসি সচেতনতা এবং পর্যায়ক্রমিক মুক্তির এই কৌশলটি দেশীয় সিনেমার বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ‘আনটিল দ্য লাস্ট ব্রেথ’ ট্যাগলাইনের এই চলচ্চিত্রটি সিঙ্গেল স্ক্রিনে মুক্তির মাধ্যমে সাধারণ দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা চলচ্চিত্র সংশ্লিষ্টদের।

বিনোদন শীর্ষ সংবাদ