রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ চার উগ্রবাদী গ্রেপ্তার

রাজধানীতে অস্ত্র ও ড্রোনসহ চার উগ্রবাদী গ্রেপ্তার

অপরাধ ডেস্ক

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত ডিবি রমনা বিভাগের পরিচালিত ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)। বুধবার (২৮ এপ্রিল) ডিবি পুলিশের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

অভিযানের বিবরণ ও উদ্ধারকৃত সরঞ্জাম পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাড়িতে প্রথম অভিযান চালিয়ে ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টা ৪০ মিনিটে কেরানীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোস্তাকিম চৌধুরীকে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় রিপন হোসেন ও আবু বক্করকে।

অভিযান চলাকালে আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড তাজা গুলি ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়। এছাড়া আধুনিক প্রযুক্তিনির্ভর নাশকতার আলামত হিসেবে তাদের নিকট থেকে ড্রোন ও ড্রোন পরিচালনার সরঞ্জাম, মেটাল ডিটেক্টর এবং একাধিক স্মার্টফোন জব্দ করা হয়েছে। একই সাথে বিভিন্ন উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

পরিকল্পনা ও সংগঠনের সম্পৃক্ততা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং বিশেষ ব্যক্তিদের লক্ষ্য করে গুপ্ত হামলার পরিকল্পনা করছিল। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে তারা ড্রোন ব্যবহার এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে রেকি করার প্রস্তুতি নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। মূলত একটি বড় ধরনের ধ্বংসাত্মক লক্ষ্য নিয়ে তারা সংঘবদ্ধ হচ্ছিল এবং অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করছিল।

আইন আদালত শীর্ষ সংবাদ