মৎস্য ও প্রাণিসম্পদ ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির অনুমতি সংক্রান্ত একটি ভুয়া পত্র ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে দেশবাসীকে সতর্ক করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, প্রচারিত এই অনুমতিপত্রটি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। আজ শনিবার মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মামুন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের নাম ব্যবহার করে একটি অবৈধ আমদানিপত্র অনলাইনে প্রচারিত হচ্ছে। এই নথির সঙ্গে অধিদপ্তরের সরকারি কোনো প্রক্রিয়া, নথি নম্বর বা দাপ্তরিক অনুমোদনের কোনো সামঞ্জস্য নেই। নথিতে ব্যবহৃত স্বাক্ষর ও তথ্যগুলো যাচাইযোগ্য নয় এবং দাপ্তরিকভাবে এটি ইস্যু করা হয়নি। ফলে এটি কোনোভাবেই বৈধ আমদানিপত্র হিসেবে বিবেচিত হবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গবাদিপশু আমদানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল তথ্য প্রচার করে একটি গোষ্ঠী অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অসত্য তথ্যের ওপর ভিত্তি করে কোনো প্রকার আর্থিক লেনদেন বা ব্যবসায়িক সিদ্ধান্ত না নেওয়ার জন্য ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিভ্রান্তিকর এই নথিটি শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যারা এই ভুয়া অনুমতিপত্র তৈরি এবং ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করছে, তাদের চিহ্নিত করে প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের গবাদিপশু খাতের সুরক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অপপ্রচার রোধে নিয়মিত তদারকি চালানো হচ্ছে। সংশ্লিষ্ট মহলের যেকোনো সন্দেহজনক তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য সরাসরি প্রাণিসম্পদ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।


