নির্ধারিত প্রদর্শনী বাতিল: মুক্তির দিনেই সংকটে সুরিয়ার ‘কারুপ্পু’

নির্ধারিত প্রদর্শনী বাতিল: মুক্তির দিনেই সংকটে সুরিয়ার ‘কারুপ্পু’

বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক প্রতিক্ষীত সিনেমা ‘কারুপ্পু’র মুক্তি ঘিরে এক নজিরবিহীন নাটকীয়তা তৈরি হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে অনিবার্য কারণ দেখিয়ে প্রথম প্রদর্শনী বাতিলের ঘোষণা দিয়েছেন এর প্রযোজক এস আর প্রভু। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়ের বিশেষ অনুমতি থাকা সত্ত্বেও শো বাতিলের এই সিদ্ধান্তে সাধারণ দর্শকদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।

সিনেমাটি মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় প্রযোজক এস আর প্রভু জানান, কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে সকাল ৯টার প্রদর্শনীগুলো বাতিল করতে হচ্ছে। তবে এই জটিলতা শুধুমাত্র তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলোর জন্য নাকি অন্য রাজ্যের জন্যও প্রযোজ্য, সে বিষয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আকস্মিক এই ঘোষণায় টিকিট কাটা দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অনেক স্থানে সিনেমা হলের সামনে ভক্তদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয় সিনেমাটির জন্য বিশেষ প্রদর্শনীর অনুমতি দিয়েছিলেন, যা সাম্প্রতিক সময়ে রাজ্য সরকারের একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সচরাচর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে ভোরে বা সকালে শোর অনুমতি দেওয়া হয় না। বিশেষ বিবেচনায় সরকার সিনেমাটির জন্য প্রথম দুই দিনে পাঁচটি করে প্রদর্শনীর অনুমতি দিয়েছিল। সরকারি এই সমর্থনের পরও কারিগরি বা বণ্টনজনিত সমস্যার কারণে শো বাতিল হওয়ায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে বিস্ময় সৃষ্টি হয়েছে।

এদিকে অনলাইন বুকিং সিস্টেমে ত্রুটি এবং প্রদর্শনী অনিশ্চিত হয়ে পড়ায় বুধবার রাতে পরিচালক আরজে বালাজি একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করেন। তিনি জানান, দীর্ঘ ৩২ মাস ধরে নানা প্রতিকূলতা পেরিয়ে সিনেমাটি নির্মাণের কাজ শেষ হয়েছে। বর্তমান সংকট কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে তিনি ভক্তদের ধৈর্য ধরার আহ্বান জানান।

আরজে বালাজির রচনা ও পরিচালনায় ‘কারুপ্পু’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জুটি সুরিয়া ও তৃষা কৃষ্ণান। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্দ্রানস, নাটি এবং সোয়াসিকা। সাই অভয়ঙ্করের সংগীত পরিচালনায় নির্মিত এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা ছিল। তবে মুক্তির প্রাক্কালেই এমন বিপত্তি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় তুলেছে। অনেক দর্শক সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে শো বাতিলের পরিবর্তে সিনেমার সামগ্রিক মুক্তি পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, বড় বাজেটের সিনেমার ক্ষেত্রে প্রদর্শনীর শেষ মুহূর্তের এই পরিবর্তন বাণিজ্যিক সাফল্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে অগ্রিম টিকিট বিক্রির অর্থ ফেরত দেওয়া এবং পরবর্তী শোগুলোর সিডিউল বজায় রাখা প্রেক্ষাগৃহ মালিকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপাতত ৯টার শো বাতিলের পর পরবর্তী প্রদর্শনীগুলো যথাসময়ে শুরু হবে কি না, তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন দর্শকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, বড় শহরগুলোর মাল্টিপ্লেক্সগুলোতে দুপুরের শো চালুর বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রযোজনা সংস্থা।

বিনোদন শীর্ষ সংবাদ