বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (২৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর অনুরোধে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সংসদ ভবনে রুফটপ সৌরবিদ্যুৎ ব্যবস্থার এই উদ্যোগ কেবল একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প নয়, বরং এটি দেশের টেকসই ভবিষ্যতের প্রতীক। লুই আই কানের নকশায় নির্মিত এই ঐতিহাসিক ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে সরকার প্রমাণ করেছে যে, নেতৃত্ব কেবল নীতিমালায় নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। এই উদ্যোগ দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে অনুপ্রাণিত করবে।

দেশের অর্থনৈতিক সম্প্রসারণ, দ্রুত শিল্পায়ন ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করছে। তবে একই সঙ্গে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ দেশের নিত্যদিনের বাস্তবতা। এই পরিস্থিতিতে টেকসই জ্বালানির পথ অবলম্বন করা কেবল পরিবেশগত দায়বদ্ধতা নয়, বরং দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য একটি অপরিহার্য অংশ।

নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রতি বর্গকিলোমিটারে সাড়ে চার থেকে পাঁচ কিলোওয়াট ঘণ্টা সৌরশক্তি পাওয়া যায়। দেশের অসংখ্য ভবনের ছাদ, শিল্প এলাকা, খোলা জমি এবং উপকূলীয় অঞ্চল এই রূপান্তরের বিশাল উৎস। গত এক দশকে বিশ্বব্যাপী সৌরবিদ্যুৎ উৎপাদন প্রযুক্তি সহজলভ্য ও ব্যয়সাশ্রয়ী হওয়ায় এটি এখন পরিবেশবান্ধবের পাশাপাশি অর্থনৈতিকভাবে অত্যন্ত কার্যকর একটি সমাধান হিসেবে দাঁড়িয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিক এই অভিযাত্রায় অংশ নিলে বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সংসদ সদস্য ও পদস্থ সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

জাতীয় শীর্ষ সংবাদ