রংপুরে বিশেষ অভিযানে এক মাসে গ্রেপ্তার ৪৪২, বিপুল মাদক উদ্ধার

রংপুরে বিশেষ অভিযানে এক মাসে গ্রেপ্তার ৪৪২, বিপুল মাদক উদ্ধার

জাতীয় ডেস্ক

রংপুর মহানগরীতে মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে মাসব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ৪৪২ জনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। একই সঙ্গে অভিযানকালে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। মঙ্গলবার (২৬ মে) দুপুরে আরএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এসব তথ্য জানান।

আরএমপি সূত্রে জানা গেছে, গত এক মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি এ বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ৪৪২ জনের মধ্যে ১১০ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি, ৮৭ জন মাদক মামলার এজাহারনামীয় আসামি এবং অন্যান্য বিভিন্ন অপরাধমূলক মামলায় জড়িত ২৪৫ জন রয়েছেন।

অভিযানকালে পুলিশ ১ হাজার ৪৭৫ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা, ৮৮ বোতল ফেনসিডিল, ৩ দশমিক ২ গ্রাম হেরোইন, ২৫টি মর্ফিন ইনজেকশন এবং ৩১ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব মাদকের বিষয়ে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধী বা মাদক কারবারিদের সাথে কোনো আপস করা হবে না। নগরীর নিরাপত্তা ও জনশৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতাও কামনা করেন।

জাতীয় শীর্ষ সংবাদ