ইতালিতে পাঠানোর নামে ৯০ লাখ টাকা প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

ইতালিতে পাঠানোর নামে ৯০ লাখ টাকা প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

অপরাধ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে ইতালিতে উচ্চ বেতনে চাকরি এবং বৈধ ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ১২ যুবকের কাছ থেকে প্রায় ৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিকার, অর্থ উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারগুলো মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠ বারঘরিয়া ব্রিজ চত্বরে ‘চামাগ্রাম ভ্যালাপাড়ার ক্ষতিগ্রস্ত পরিবার’ ব্যানার নিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী স্থায়ী এই কর্মসূচিতে প্রতারণার শিকার যুবক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

ভুক্তভোগীদের অভিযোগ, ২০২২ সালে বারঘরিয়া ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি রবু মেম্বারের দুই ছেলে মোহাম্মদ আলী কালু এবং তার ভাই পালু ইতালি পাঠানোর নাম করে এলাকার ১২ জন যুবকের কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৯০ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে তাদেরকে ইতালির ভিসা সরবরাহ করা হলে, যুবকেরা তা যাচাইয়ের জন্য ঢাকাস্থ ইতালি দূতাবাসে জমা দেন। দূতাবাস কর্তৃপক্ষ ভিসাগুলো জাল ও ভুয়া বলে নিশ্চিত করে তা ফেরত দেয়।

ভিসা জালিয়াতির বিষয়টি প্রকাশ পাওয়ার পর ভুক্তভোগীরা মোহাম্মদ আলী কালু ও পালুর কাছে তাদের প্রদত্ত টাকা ফেরত পাওয়ার দাবি জানান। তবে অভিযুক্তরা টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন টালবাহানা ও সময়ক্ষেপণ করতে থাকেন। বর্তমানে অভিযুক্তদের মধ্যে পালু ইতালিতে অবস্থান করছেন। বাংলাদেশে থাকা কালু ও তার পরিবার টাকা ফেরত দেওয়ার পরিবর্তে ভুক্তভোগী পরিবারগুলোকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে বলে মানববন্ধনে বক্তারা দাবি করেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য আশিক আলী, নূর ইসলাম, নূরনাহার খাতুন এবং সুলেখা খাতুন কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন। তারা বলেন, জমিজমা ও সম্বল বিক্রি করে এই অর্থ দেওয়া হয়েছিল, যা হারিয়ে পরিবারগুলো এখন নিঃস্ব। বক্তারা অবিলম্বে জালিয়াতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে গ্রেফতার এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধার করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

শীর্ষ সংবাদ সারাদেশ