জাতীয় ডেস্ক
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে সংশ্লিষ্ট তদন্ত কমিটি ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের কারণে হাসপাতালজুড়ে এক ধরনের অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এই অনভিপ্রেত সংকটের কারণে হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন।
বিজ্ঞপ্তিতে শনিবারের ঘটনার বিবরণ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ উল্লেখ করে, সেদিন স্বাস্থ্য উপদেষ্টা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শন শেষ হওয়ার পরপরই একদল গণমাধ্যমকর্মী হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। কর্তৃপক্ষের দাবি, উপস্থিত এক সাংবাদিক সেখানে কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে অবমাননাকর শব্দ ব্যবহার করলে কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন এবং পরিস্থিতির অবণতি ঘটে। পরবর্তীতে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিজ্ঞপ্তিতে আদ্-দ্বীন কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে, তারা সর্বদা গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালের কর্মীদের অনভিপ্রেত ও অনিচ্ছাকৃত আচরণে কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মী আঘাত পেয়ে থাকলে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।


