চট্টগ্রামে সিএমইউজে কার্যালয় উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

চট্টগ্রামে সিএমইউজে কার্যালয় উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অর্থ বাণিজ্য ও প্রশাসন ডেস্ক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আগামী ৫ জুন (শুক্রবার) চট্টগ্রাম সফরে যাচ্ছেন। সফরকালে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) নতুন কার্যালয় উদ্বোধন এবং একটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক সরকারি পত্রে এই সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, আগামী শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রতিমন্ত্রী বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করবেন।

এরপর বেলা ১১টায় প্রতিমন্ত্রী চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে তিনি সেখানে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পেশাদার সাংবাদিকদের এই সংগঠনের নতুন কার্যালয় প্রতিষ্ঠা ও প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সরকারি দফতর সূত্রে জানা গেছে, সফর শেষে একই দিন বিকেল ৫টায় প্রতিমন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। পরে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ