কূটনৈতিক ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক গোপন ব্যালট নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কাকোরিসকে পরাজিত করে তিনি এ ঐতিহাসিক জয় লাভ করেন। কাস্টিং হওয়া মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পান ৯৯টি ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী কাকোরিস পান ৯১টি ভোট। নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি এবং কেউ ভোটদান থেকে বিরতও ছিলেন না।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এক বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানান। বার্তায় মার্কিন দূত বলেন, “জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায়, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন।” মার্কিন যুক্তরাষ্ট্রের এই তাৎক্ষণিক অভিনন্দন দুই দেশের দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্কের ইতিবাচক ধারাকে আরও বেগবান করবে বলে কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন।
ড. খলিলুর রহমানের এই বিজয় বাংলাদেশের পররাষ্ট্রনীতির ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মাইলফলক সৃষ্টিকারী কূটনৈতিক সাফল্য। বিশ্বমঞ্চে বহুপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং উন্নয়নশীল দেশগুলোর অধিকার আদায়ে বাংলাদেশের দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার প্রতি এটি বিশ্ব সম্প্রদায়ের সুদৃঢ় আস্থারই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের এই শীর্ষ অবস্থান বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দেশের নীতিগত প্রভাব ও মর্যাদা বহুলাংশে বৃদ্ধি করবে।
আগামী ৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর ড. খলিলুর রহমান বর্তমান সভাপতির কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন এবং পরবর্তী এক বছর এই মর্যাদাপূর্ণ বিশ্বসভার নেতৃত্ব দেবেন। অধিবেশন শুরুর দুই সপ্তাহ পর বিশ্ব নেতারা বার্ষিক উচ্চপর্যায়ের সাধারণ আলোচনায় অংশ নিতে নিউইয়র্কে সমবেত হবেন, যা বাংলাদেশের সভাপতির পরিচালনায় নতুন মাত্রা পাবে।


