হুয়াওয়ের ১৩টি নতুন ডিভাইস বাজারে, বাংলাদেশে পরিবেশক ডিএক্স গ্রুপ

হুয়াওয়ের ১৩টি নতুন ডিভাইস বাজারে, বাংলাদেশে পরিবেশক ডিএক্স গ্রুপ

প্রযুক্তি প্রতিবেদক

ডিভাইস-সংক্রান্ত বিভিন্ন জটিলতা কাটিয়ে বিশ্ববাজারের পাশাপাশি বাংলাদেশের প্রযুক্তি পণ্যের বাজারে আনুষ্ঠানিকভাবে পুনরায় যাত্রা শুরু করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ যাত্রায় প্রতিষ্ঠানটির জাতীয় পরিবেশক (ন্যাশনাল ডিস্ট্রিবিউটর) হিসেবে যুক্ত হয়েছে দেশীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ। সোমবার (৮ জুন) বিকেলে রাজধানীর গুলশানে হুয়াওয়ের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট ও পরিধানযোগ্য (ওয়্যারেবল) প্রযুক্তিসহ সর্বমোট ১৩টি নতুন স্মার্ট ডিভাইস উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের প্রতিনিধি, ডিএক্স গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন। নতুন করে বাজার সম্প্রসারণের এই উদ্যোগে হুয়াওয়ে এবার স্মার্টফোন, ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ওয়্যারেবল গ্যাজেট ও অডিও ক্যাটাগরিতে বৈচিত্র্যময় পণ্য দেশের বাজারে নিয়ে এসেছে। উন্মোচিত ডিভাইসগুলোর মধ্যে রয়েছে উন্নত প্রযুক্তির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘হুয়াওয়ে মেট ৮০ প্রো’, প্রিমিয়াম ফোল্ডেবল ফোন ‘মেট এক্স৭’ এবং শিক্ষার্থীদের শিক্ষা ও উৎপাদনশীলতা বৃদ্ধির উপযোগী ‘মেটপ্যাড ১১.৫’ ট্যাবলেট। এছাড়া স্বাস্থ্যসুরক্ষা সুবিধাসম্পন্ন ‘ওয়াচ ফিট ৫ সিরিজ’ এবং সি-ব্রিজ ডিজাইনের ওপেন-ইয়ার অডিও ডিভাইস ‘ফ্রিক্লিপ ২’ সহ বেশ কয়েকটি পণ্য প্রদর্শন করা হয়।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন নিষেধাজ্ঞা এবং অপারেটিং সিস্টেম সংক্রান্ত জটিলতার কারণে বিগত কয়েক বছরে হুয়াওয়ে বৈশ্বিক স্মার্টফোন বাজারে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। তবে নিজস্ব অপারেটিং সিস্টেম ‘হারমোনিওএস’ (HarmonyOS) এবং নিজস্ব ইকোসিস্টেমের উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। বাংলাদেশে হুয়াওয়ের এই প্রাতিষ্ঠানিক প্রত্যাবর্তন দেশের প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ ডিভাইসের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র করবে বলে ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের কান্ট্রি হেড এরিক পাং বলেন, হুয়াওয়ের মূল শক্তিই হলো প্রযুক্তিগত উদ্ভাবন। গ্রাহকদের উৎপাদনশীলতা, সৃজনশীলতা ও দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও উন্নত করতে সক্ষম এমন সব ফ্ল্যাগশিপ পণ্য বাংলাদেশে নিয়ে আসা হয়েছে, যা ব্যবহারকারীদের আধুনিক প্রযুক্তির সর্বোত্তম অভিজ্ঞতা দেবে।

ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কানন হুয়াওয়ের মতো বিশ্বসেরা ব্র্যান্ডের অংশীদার হতে পারাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, দেশব্যাপী বিস্তৃত ও শক্তিশালী সরবরাহ চেইনের মাধ্যমে হুয়াওয়ের এই আধুনিক প্রযুক্তি পণ্যগুলো দেশের প্রতিটি প্রান্তের গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

হুয়াওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, দেশের বাজারে অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে আসা এই ডিভাইসগুলোর ক্ষেত্রে গ্রাহকরা শতভাগ জেনুইন ওয়ারেন্টি, আসল পার্টস এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা (আফটার সেলস সার্ভিস) পাবেন। বৈধ চ্যানেলে আমদানিকৃত এই ডিভাইসগুলো দেশের বাজারে ধূসর বা অবৈধ হ্যান্ডসেটের অনুপ্রবেশ রোধে এবং সরকারের রাজস্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ