দেশজুড়ে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

দেশজুড়ে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

জাতীয় বার্তা ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৪৫ জন সন্দেহজনক এবং ৯৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ২৯ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে নয় হাজার ৯২৭ জনের। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম উপসর্গে মারা গেছে ৫৪৭ জন শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে ১০ জুন পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ হাজার ৯৯৯ জন। চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩ lহাজার ১৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে আরও অনেকে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও উপসর্গজনিত কারণে মৃত্যুর হার জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অতি সংক্রামক ভাইরাসজনিত রোগ যা প্রধানত শিশুদের আক্রান্ত করে। আক্রান্ত শিশুদের সঠিক সময়ে টিকা না দেওয়া এবং পুষ্টিহীনতা এই রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, তা নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। বিশেষ করে উপান্ত ও প্রত্যন্ত অঞ্চলে যেখানে টিকাদানের হার কম, সেখানে বিশেষ ক্যাম্পেইনের প্রয়োজন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে। একই সাথে শিশুদের হাম-রুবেলা (এমআর) টিকা সময়মতো নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন, শিশুর শরীরে জ্বর ও ফুসকুড়ি দেখা দিলে অবহেলা না করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে, যাতে জটিলতা এড়ানো সম্ভব হয়।

জাতীয় শীর্ষ সংবাদ