নরওয়েতে দুই ধর্ষণের দায়ে ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড

নরওয়েতে দুই ধর্ষণের দায়ে ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-মারিতের ছেলে মারিউস বর্গ হইবিকে (২৯) দুটি ধর্ষণের ঘটনা এবং অন্য কয়েকটি গুরুতর অভিযোগে চার বছরের কারাদণ্ড দিয়েছেন অসলো জেলা আদালত। তিন বিচারকের বেঞ্চ সোমবার এ রায় ঘোষণা করেন। চারটি ধর্ষণের অভিযোগের মধ্যে দুটি থেকে তাকে খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষ সাড়ে সাত বছরের কারাদণ্ড এবং হইবির আইনজীবীরা সর্বোচ্চ ১৮ মাসের সাজা দাবি করেছিলেন। বিবাদী পক্ষ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছে। হইবি রাজপরিবারের প্রত্যক্ষ সদস্য না হলেও চার বছর বয়স থেকে রাজকীয় পরিবেশে বড় হয়েছেন। রাজপ্রাসাদ জানিয়েছে, বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়ায় তারা কোনো মন্তব্য করবে না।

আদালত হইবির আইনজীবীদের জামিনের আবেদন খারিজ করে দেয়। হইবি ২০১৮ সালে রাজপরিবারের স্কাউগুম এস্টেটে এবং ২০২৪ সালে অসলোতে দুই নারীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হন। ভুক্তভোগীরা অচেতন বা ঘুমন্ত থাকায় প্রতিরোধে অক্ষম ছিলেন এবং হইবির নিজস্ব মোবাইল ফোনে ধারণ করা ভিডিও এই মামলার অন্যতম প্রধান প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া সাবেক প্রেমিকা নোরা হাউকল্যান্ডসহ অন্য নারীদের ওপর নির্যাতন ও শারীরিক ক্ষতির অভিযোগও প্রমাণিত হয়েছে। আদালত চারজন ভুক্তভোগীকে মোট ৬ লাখ ৪০ হাজার ক্রোনার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

এই মামলা নরওয়ের বিচার ব্যবস্থা এবং রাজপরিবারের ভাবমূর্তি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। অপরাধবিজ্ঞানীদের মতে, কঠোর প্রমাণের বাধ্যবাধকতার কারণে দেশটিতে ধর্ষণের মামলায় সাজার হার কম। অন্যদিকে, রাজপরিবার বিশ্লেষকদের মতে, এই ঘটনা ও ক্রাউন প্রিন্সেসের ফুসফুসের জটিল অসুস্থতা রাজপরিবারকে একটি বড় প্রাতিষ্ঠানিক সংকটে ফেলেছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ