মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমন আগামীকাল: ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির উদ্বোধন

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমন আগামীকাল: ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির উদ্বোধন

জাতীয়  ডেস্ক

‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন এবং রাজনৈতিক সভায় যোগ দিতে আগামীকাল ১৭ জুন (বুধবার) মৌলভীবাজার জেলা সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সরকারপ্রধানের এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকারি সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলা সফরকালে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী কর্মসূচি শেষে তিনি স্থানীয় দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় যোগদান করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে মৌলভীবাজার জেলা শহর ও শ্রীমঙ্গল উপজেলায় প্রশাসনিক পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাট সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। এছাড়া জেলা সার্কিট হাউজ সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। শহরগুলোকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে ফুটপাথ দখলমুক্ত করার বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী যেসকল রুট ব্যবহার করে যাতায়াত করবেন, সেই সড়কগুলোর চারপাশ পরিষ্কার করার পাশাপাশি প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে।

পাশাপাশি প্রধানমন্ত্রীর জনসভা ও অন্যান্য কর্মসূচির জন্য নির্ধারিত ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করে মূল মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সার্বিক প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। কর্মসূচিগুলো যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সফল হয়, সে লক্ষ্যে বিভিন্ন দফতর একযোগে কাজ করছে।

অন্যদিকে, দলীয় প্রধানের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে, বিশেষ করে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দীর্ঘ সময় পর শীর্ষ নেতার জেলা সফরকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন প্রস্তুতি সভা ও প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এই বিষয়ে জানান, দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সফরটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জেলা বিএনপির পক্ষ থেকে দলীয় কর্মসূচিগুলো সফল করতে সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

অর্থনৈতিক ও সামাজিক বিশ্লেষকদের মতে, মৌলভীবাজার অঞ্চলে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় পর্যায়ের এই পাইলটিং প্রকল্প চালুর মাধ্যমে স্থানীয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সরকারি সহায়তা সরাসরি পাওয়ার সুযোগ পাবে, যা আঞ্চলিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও শক্তিশালী করবে। একই সাথে এই সফরকে কেন্দ্র করে জেলার অবকাঠামোগত উন্নয়ন ও রাজনৈতিক পরিমণ্ডলে নতুন গতিশীলতা আসবে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় শীর্ষ সংবাদ