জাতীয় ডেস্ক
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে দুই ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বন্ধ থাকা এবং অক্সিজেনের অভাবে ছয় শিশুর মৃত্যুর ঘটনাকে চরম দায়িত্বহীনতা বলে আখ্যায়িত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসায় এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর ইস্কাটনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে ‘হাম চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় নির্দেশিকা’ (গাইডলাইন) মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বদ্ধ কক্ষে এসি বন্ধ থাকায় সেখানে কোনো অক্সিজেন ছিল না। এমন পরিস্থিতিতে শিশুদের দ্রুত অন্য স্থানে সরিয়ে নেওয়া উচিত ছিল। একটি শিশুকে স্থানান্তরের পর সে সুস্থ হলেও বাকিদের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। পরপর ছয়টি শিশু মারা যাওয়ার পরও কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন পর্যন্ত করেনি, যা তাদের চরম উদাসীনতা ও গুরুত্বহীনতার প্রমাণ। কোনো প্রতিষ্ঠান শিশুদের এভাবে দায়িত্বহীনতার মধ্যে ফেলে রেখে পার পেতে পারে না। দেশের চিকিৎসা খাতে জবাবদিহিতা ও ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
দুর্ঘটনার পর স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সম্পূর্ণ সঠিক ও যৌক্তিক বলে উল্লেখ করেন মন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও আইনি প্রক্রিয়ায় রায় সরকারের পক্ষেই আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। চিকিৎসা সেবায় কোনো ধরনের অবহেলা বা লাইসেন্সের শর্ত ভঙ্গ হলে সরকার কঠোর অবস্থান বজায় রাখবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী হলি ফ্যামিলি মেডিকেল কলেজের আধুনিকায়ন ও সামগ্রিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি প্রতিষ্ঠানটিতে আসন সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার কথা জানান। একই সাথে দেশের চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে চিকিৎসকদের রোগীদের প্রতি আরও যত্নশীল, দায়িত্বশীল ও মানবিক হওয়ার আহ্বান জানান।


