গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ১১, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর পৃথক বিমান ও ড্রোন হামলায় একই পরিবারের চার সদস্য এবং এক ফটো সাংবাদিকসহ অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে এবং রোববার গাজার বিভিন্ন এলাকায় এই হামলা চালানো হয় বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও উদ্ধারকারী সংস্থা নিশ্চিত করেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এই ঘটনাকে চলমান যুদ্ধবিরতির চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।

উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গাজা সিটির সাব্রা এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে আল-সাফাদি পরিবারের চার সদস্য ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা হলেন ওই পরিবারের স্বামী, স্ত্রী এবং তাদের দুই কন্যা। হামলায় আরও অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। গাজা সিটির আল-শিফা হাসপাতাল কর্তৃপক্ষ আল-সাফাদি পরিবারের দুই শিশুসহ চারজনের মরদেহ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের স্বজন নায়েল আল-সাফাদি জানান, গভীর রাতে পরিবারের সদস্যরা যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই একটি ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে।

এছাড়া গাজার উত্তরাংশের একটি চৌরাস্তার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় আরও এক ফিলিস্তিনি নাগরিক নিহত হন, যার মরদেহও আল-শিফা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রোববার গাজার মধ্যাঞ্চলীয় বুরেইজ শরণার্থী শিবিরসহ বিভিন্ন এলাকায় চালানো ইসরায়েলি বিমান হামলায় আরও ছয়জন নিহত হন। সিভিল ডিফেন্সের দেওয়া তথ্যমতে, বুরেইজ শিবিরে নিহতদের মধ্যে আহমেদ উয়িশাহ নামে এক ফিলিস্তিনি ফটো সাংবাদিক রয়েছেন। সংশ্লিষ্ট সংবাদমাধ্যম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে একে গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে ধারাবাহিক অপরাধের অংশ হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, নিহত সাংবাদিক আহমেদ উয়িশাহ হামাসের সক্রিয় সদস্য ছিলেন। তবে আবাসিক ভবনে চালানো হামলা এবং অন্যান্য বেসামরিক নাগরিকদের নিহতের বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায়নি।

গত বছরের ১০ অক্টোবর গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। অব্যাহত এই হামলায় অঞ্চলের ভঙ্গুর যুদ্ধবিরতি পরিস্থিতি এবং বেসামরিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ