জাতীয় ডেস্ক
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ডিজিটাল পদ্ধতির নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি প্রথাগত নকলের অধ্যায় সমাপ্ত হয়েছে উল্লেখ করে বর্তমান যুগের প্রযুক্তি-ভিত্তিক অনিয়ম রুখতে সংশ্লিষ্টদের ডিজিটাল উপায়েই তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
সভায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঢালাওভাবে স্নাতক (সম্মান) কোর্স চালুর তীব্র সমালোচনা করে তিনি এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। মন্ত্রী কেবল সনদমুখী উচ্চশিক্ষার পেছনে না ছুটে শিক্ষার্থীদের বাস্তবমুখী ও গুণগত শিক্ষাদানের ওপর জোর দেন।
শিক্ষার মান উন্নয়ন ও মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নে নতুন তদারকি ব্যবস্থার ঘোষণা দেন ড. মিলন। তিনি জানান, পরীক্ষকদের খাতা মূল্যায়ন প্রক্রিয়ার নিরপেক্ষতা যাচাইয়ের জন্য এবার থেকে সব বোর্ডের উত্তরপত্র দৈবচয়ন (র্যান্ডমলি) ভিত্তিতে পুনঃপরীক্ষা করা হবে। কোনো পরীক্ষক পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে কম বা বেশি দিয়ে বৈষম্য তৈরি করছেন কিনা, তা খতিয়ে দেখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন কেন্দ্রের সচিবগণ উপস্থিত ছিলেন।


