জাতীয় ডেস্ক
চীনের বেইজিংয়ে দ্বিপাক্ষিক সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হতে ঢাকা ছাড়ছেন সরকারের আরও দুই উচ্চপর্যায়ের প্রতিনিধি। তারা হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। মঙ্গলবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি নিয়মিত ফ্লাইটে তাদের চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চীন সফরকালে দ্বিপাক্ষিক আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এই দুই মন্ত্রীর সরাসরি যুক্ত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে তারা জরুরি ভিত্তিতে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।
দুই মন্ত্রীর নতুন এই অন্তর্ভুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রীর চলমান চীন সফরে সফরসঙ্গী হিসেবে মোট তিনজন পূর্ণ মন্ত্রী যুক্ত হলেন। এর আগে প্রতিনিধিদলে যুক্ত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের বর্তমান সরকারের উচ্চপর্যায়ের এই সফরে বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা ও পানিসম্পদ বণ্টন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের কৌশলগত উন্নয়নে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের মন্ত্রীদের বেইজিং সফর বিশেষ তাৎপর্য বহন করছে। সফর শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।


