পবিত্র আশুরায় তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

পবিত্র আশুরায় তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

জাতীয় ডেস্ক

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবাড়া থেকে বের হতে যাওয়া তাজিয়া মিছিলের নিরাপত্তায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মিছিলের রুটগুলোতে যানজট ও বিশৃঙ্খলা এড়াতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-লালবাগ বিভাগ আজিমপুর, লালবাগ ও ধানমন্ডিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ এবং বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের দেওয়া তথ্যমতে, তাজিয়া মিছিলের নিরাপত্তা ও নির্বিঘ্ন গমনাগমনের স্বার্থে দুই দফায় এই ট্রাফিক বিধিনিষেধ কার্যকর থাকবে। প্রথম দফায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় শুক্রবার সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা) সংশ্লিষ্ট সড়কগুলোয় সাধারণ যানবাহন চলাচল বন্ধ অথবা ডাইভারশন দেওয়া হবে।

বৃহস্পতিবার দিবাগত রাতের প্রথম দফার তাজিয়া মিছিলটি হোসাইনী দালান ইমামবাড়া থেকে শুরু হয়ে চাঁনখারপুল, নাজিমুদ্দিন রোড, জেল রোড, চক-সার্কুলার রোড, চকবাজার মডেল থানা মোড়, শাহী মসজিদ মোড়, কারা সদর দপ্তর নতুন রাস্তা, উমেশ দত্ত রোড ও বকশী বাজার হয়ে পুনরায় হোসাইনী দালান ইমামবাড়ায় ফিরে আসে। এই সময়ে উল্লিখিত সড়ক ও এর সংযোগস্থলগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া মূল মিছিলটি হোসাইনী দালান রোড, বকশী বাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, উর্দু রোড, লালবাগ চৌরাস্তা, গোর-এ-শহিদ মাজার, এতিমখানা মোড় এবং আজিমপুর চৌরাস্তা অতিক্রম করবে। এরপর মিছিলটি ইডেন কলেজ, নিউমার্কেট মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব মোড়, ধানমন্ডি ২ নম্বর রোড এবং বিজিবি ৪ নম্বর গেট হয়ে সাত মসজিদ রোড দিয়ে ঝিগাতলা ধানমন্ডি লেকের অস্থায়ী কারবালায় গিয়ে শেষ হবে।

নিরাপত্তা নিশ্চিত করতে মিছিলের রুটে সব ধরনের ধারালো অস্ত্র, লাঠি, সোটা ও আতশবাজি বহন নিষিদ্ধ করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, মিছিলে অংশগ্রহণকারী ও সাধারণ নগরবাসীর চলাচল নিরাপদ রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। সাময়িক এই ভিড়ের কারণে নগরবাসীকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে বিকল্প সড়ক ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ