পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠনে অর্থনীতি সাজানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠনে অর্থনীতি সাজানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

অর্থ-বাণিজ্য ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন—এই তিন ধাপে দেশের অর্থনীতিকে সাজানোর পরিকল্পনা করছে সরকার। সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) ১৮তম কার্যদিবসে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও জনগণের মধ্যে আশার সঞ্চার করা সম্ভব হয়েছে। সংসদে অতীতের চেয়ে ভবিষ্যৎমুখী আলোচনা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আসন্ন বাজেটকে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি সব শ্রেণী-পেশার মানুষের জীবনে স্বস্তি আনবে। দেশের নানামুখী অর্থনৈতিক সংকটকে অস্বীকার বা অজুহাত হিসেবে ব্যবহার না করে তা মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইতোমধ্যে বাজেটে ৬১টি পণ্যের শুল্ক প্রত্যাহারের ফলে বাজারমূল্য স্বাভাবিক রয়েছে বলেও তিনি দাবি করেন।

বিগত সরকারের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, পূর্ববর্তী মেয়াদে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে, যার বোঝা জনগণকে দীর্ঘ সময় বহন করতে হবে। জনগণের সমর্থনেই বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, এবারের বাজেট কেবল প্রথাগত বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়, বরং এর মাধ্যমে দেশের অর্থনীতির একটি শক্তিশালী ভিত গড়ে তোলা হবে। নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার বোঝা লাঘব করা এবং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বিনির্মাণের মাধ্যমে ধীরে ধীরে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনাই এই বাজেটের মূল লক্ষ্য।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ