জাতীয় শিক্ষা ডেস্ক
শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল না পেলে এখন থেকে ট্যাবুলেশন শিট দেখার পাশাপাশি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের (স্ক্রুটিনি) সুযোগ পাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ বুধবার সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতি ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফল নিয়ে শিক্ষার্থীদের যেকোনো সংশয় দূর করতে এবং মূল্যায়ন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা তাদের প্রাপ্ত নম্বর এবং খাতার মূল্যায়ন পদ্ধতি সরাসরি যাচাই করার সুযোগ পাবে, যা দেশের সামগ্রিক পরীক্ষা ব্যবস্থাপনায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে।
পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা ফল নিয়ে অসত্য তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত কঠোর আইনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাইবার সিকিউরিটি ইউনিট সার্বক্ষণিক নজরদারি চালাবে।
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা আশা করি, এবারের পরীক্ষা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে। পরীক্ষা সফলভাবে আয়োজনের লক্ষ্যে আমরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।”


