নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগরী গড়ার প্রত্যয় ভূমিমন্ত্রীর

রাজনীতি ডেস্ক

রাজশাহী মহানগরীকে অপরাধমুক্ত করে সর্বসাধারণের জন্য আরও নিরাপদ এবং বাসযোগ্য হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি জানিয়েছেন, স্থানীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগর পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদর দফতরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী তার বক্তব্যে আরএমপির ঐতিহাসিক পটভূমি উল্লেখ করে বলেন, ৩৪ বছর আগে এই মহানগরী প্রতিষ্ঠার পর থেকে বাহিনীটি নগরবাসীর নিরাপত্তা রক্ষায় নিরবচ্ছিন্ন ভূমিকা পালন করে আসছে। বর্তমান সরকারের নীতিগত অবস্থানের কথা উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলার উন্নয়ন ও রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে দেশের নাগরিকরা সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে বসবাস করতে পারেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধনী আলোচনা শেষে আরএমপি সদর দফতর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দফতরে এসে শেষ হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আরএমপির পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন ও বর্ণিল কর্মসূচি গ্রহণ করা হয়।

জাতীয় শীর্ষ সংবাদ