সৌদি আরবে প্রবাসী কর্মীদের অনুমতিপত্রের মেয়াদ বৃদ্ধির বিশেষ সুযোগ

সৌদি আরবে প্রবাসী কর্মীদের অনুমতিপত্রের মেয়াদ বৃদ্ধির বিশেষ সুযোগ

জাতীয় ডেস্ক

সৌদি আরব সরকার দেশটিতে কর্মরত নির্দিষ্ট শ্রেণির প্রবাসী কর্মীদের কাজের অনুমতিপত্র (ইকামা) নিয়মিত করার সময়সীমা চলতি বছরের শেষ নাগাদ বৃদ্ধি করেছে। যেসব কর্মীর অনুমতিপত্রের মেয়াদ দীর্ঘ দিন আগে শেষ হয়েছে অথবা যারা নতুন প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পরও অনুমতিপত্র পাননি, তারা এই সুযোগের আওতায় আসবেন। নিয়োগকর্তা ও কর্মীদের প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সুবিধার্থেই দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মূলত দুটি শ্রেণির প্রবাসী কর্মীর ক্ষেত্রে এই বর্ধিত সময়সীমা প্রযোজ্য হবে। প্রথমত, যেসব প্রবাসী কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ ইতিমধ্যে ১২ মাসের বেশি সময় আগে শেষ হয়ে গেছে। দ্বিতীয়ত, যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে কাজে যোগ দেওয়ার পর ছয় মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাদের কাজের অনুমতিপত্র ইস্যু করা হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের নথিপত্র হালনাগাদ করার জন্য এটি একটি বিশেষ সুযোগ।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশের শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করা এবং চাকরি চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের অধিকার সুরক্ষার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই অনুমতিপত্র নবায়ন বা নতুন করে সংগ্রহের জন্য তাগিদ দেওয়া হয়েছে। এই বিশেষ মেয়াদের মধ্যে নিয়মবহির্ভূত বিষয়গুলো সংশোধন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে কর্মরত লাখো প্রবাসী বাংলাদেশি কর্মী, যারা আইনি জটিলতায় রয়েছেন, তারা সাময়িক স্বস্তি পাবেন এবং বৈধভাবে কাজ করার সুযোগ ধরে রাখতে পারবেন।

জাতীয় শীর্ষ সংবাদ