জাতীয় ডেস্ক
ময়মনসিংহের ত্রিশালকে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিটি’ হিসেবে ঘোষণা করার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি বছরব্যাপী ‘নজরুলবর্ষ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ নির্দেশনার কথা জানান।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী জাতীয় কবির সৃষ্টি ও সাহিত্যকর্মকে দেশীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, কাজী নজরুল ইসলাম এই ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তাঁর হৃদয়ে বাংলাদেশ ছিল এবং দেশের মানুষও তাঁকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। দেশপ্রেম ও মাতৃভূমিকে ভালোবাসার ক্ষেত্রে কবি নজরুলকে অন্যতম প্রধান দিশারি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি আন্দোলন ও সংগ্রামে কবির সৃষ্টিসমূহ মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছেও নজরুলের প্রাসঙ্গিকতা অপরিসীম।
তারেক রহমান দেশের সব জেলা, উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে নানা আয়োজনের মধ্য দিয়ে বছরজুড়ে এই উৎসব সফলভাবে উদযাপনের ওপর জোর দেন। তরুণ প্রজন্মের মধ্যে নজরুল চেতনা ছড়িয়ে দিতে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের তাগিদ দেন তিনি।
বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অপশক্তি দেশে বিভেদ সৃষ্টির চেষ্টা করলেও ঐক্যবদ্ধ থাকাই বাঙালির চিরন্তন বৈশিষ্ট্য। সরকার কেবল মানুষের নিরাপত্তাই নয়, বরং কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয় তা নিশ্চিত করতে কাজ করছে। শান্তি ও স্থীতিশীলতা বজায় রাখতে তিনি দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।


