শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন চান শিক্ষামন্ত্রী

শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে আইন চান শিক্ষামন্ত্রী

জাতীয় ডেস্ক

স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়ে এ বিষয়ে সুনির্দিষ্ট আইন প্রণয়নের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেছেন, শিক্ষকদের নির্বাচনে অংশ নিতে হলে শিক্ষকতা পেশা বর্জন করে আসা উচিত।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশগ্রহণ না করেন এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে, শিক্ষকরা যেন স্থানীয় সরকার নির্বাচনে না যান। নির্বাচনে যেতে হলে তারা যেন চাকরি ছেড়ে চলে যান।” তিনি আরও জানান, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য সরকার যে বিপুল বিনিয়োগ করছে, তার সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনেস্কোর ঊর্ধ্বতন প্রতিনিধি ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।

বিশেষজ্ঞদের মতে, স্থানীয় নির্বাচনে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার করে এবং পাঠদান প্রক্রিয়াকে ব্যাহত করে। শিক্ষামন্ত্রীর এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সহজ হবে। তবে এ ধরনের আইন প্রণয়নের ক্ষেত্রে আইনি ও সাংবিধানিক বিষয়গুলো খতিয়ে দেখার ওপরও জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।

আইন আদালত শীর্ষ সংবাদ