জাতীয় ডেস্ক
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ডের উন্মোচন করা হয়। সরকারের গ্রামীণ অর্থনীতি জোরদারকরণ এবং টেকসই পল্লী উন্নয়নের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ১০ টাকা মূল্যমানের একটি বিশেষ স্মারক ডাকটিকিট, একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়। এ সময় একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান ডাকটিকিট সংবলিত উদ্বোধনী খাম ও ডাটাকার্ডে স্বাক্ষর করেন।
উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান। এ ছাড়া ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই সময় উপস্থিত ছিলেন।
প্রতি বছর ৬ জুলাই দেশব্যাপী ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ পালিত হয়। দিবসটি উদযাপন ও এর তাৎপর্য জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছরই বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির একটি বড় অংশ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল। এই ধরণের রাষ্ট্রীয় স্বীকৃতি গ্রামীণ জনপদের উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত কর্মী ও অংশীজনদের উৎসাহিত করবে। স্মারক ডাকটিকিট প্রকাশের এই উদ্যোগ দেশের টেকসই পল্লী উন্নয়নে অর্জিত সাফল্য ও ভবিষ্যৎ রূপরেখাকে জনসমক্ষে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আজ রবিবার থেকে ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরোসহ দেশের প্রধান প্রধান ডাকঘরগুলোতে এই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড সর্বসাধারণের বিক্রয়ের জন্য পাওয়া যাবে বলে ডাক বিভাগ সূত্রে জানানো হয়েছে।


