জাতীয় ডেস্ক
দেশের প্রাণিসম্পদ খাতের চিকিৎসাসেবাকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, হাসপাতালে ব্যবহৃত কোনো ওষুধের মেয়াদ যেন কোনোভাবেই উত্তীর্ণ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রাণি চিকিৎসায় সর্বদা মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সোমবার বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দেশে ক্রমবর্ধমান পোষা প্রাণির সংখ্যা এবং প্রাণিসম্পদের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এই খাতের চিকিৎসাসেবার মান উন্নয়ন এখন সময়ের দাবি বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী জানান, প্রাণির চিকিৎসার জন্য মানুষের ভরসার অন্যতম প্রতিষ্ঠান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল। দেশে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি পোষা প্রাণির সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ বাস্তবতায় প্রাণিসম্পদ খাতের এ চিকিৎসাসেবাকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের কোনো বিকল্প নেই। প্রাণির চিকিৎসাসেবাকে আরও যুগোপযোগী, কার্যকর ও জনবান্ধব করতে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে এবং জুনোটিক বা প্রাণিবাহিত রোগ প্রতিরোধে আধুনিক চিকিৎসাসেবা ও মানসম্পন্ন ওষুধের প্রাপ্যতা অত্যন্ত জরুরি। ওষুধের মেয়াদ ও গুণগত মান নিশ্চিত করা না গেলে তা প্রাণিস্বাস্থ্যের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। সরকারের এই নির্দেশনা মাঠপর্যায়ে বাস্তবায়িত হলে দেশের ভেটেরিনারি সেবার সামগ্রিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. আব্দুল আজিজ আল মামুন, কেন্দ্রীয় প্রাণিসম্পদ ঔষধাগারের পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার, টক্সিকোলজি ও জুরিসপ্রুডেন্স অনুবিভাগের চীফ সায়েন্টিফিক অফিসার ড. মো. আবু সুফিয়ান এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বক্তারা প্রাণি চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও গবেষণার প্রয়োগ বাড়ানোর ওপর জোর দেন।


