জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনায় তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস সরকারের

জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনায় তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস সরকারের

রাজনীতি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সাভারের সমাবেশে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে সরকার। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান সরকারের এই অবস্থানের কথা জানান। তিনি স্পষ্ট করেন, এ ধরনের সহিংস ঘটনায় সরকারের দায়িত্ব কেবল প্রতিবাদ জানানো নয়, বরং অপরাধীদের আইনের আওতায় আনা।

গত সোমবার রাতে সাভারে এনসিপির কর্মসূচি চলাকালে এই হামলার ঘটনা ঘটে। দলটির দাবি অনুযায়ী, ককটেল বিস্ফোরণে তাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার পর পরই এনসিপি সাভারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ সমাবেশ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, এই হামলার পেছনে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্টতা রয়েছে।

এনসিপি আহ্বায়কের এমন অভিযোগকে ‘রাজনৈতিক বক্তব্য’ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা। ডা. জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিক দলের প্রধান হিসেবে নাহিদ ইসলামের বক্তব্য দেওয়ার অধিকার রয়েছে এবং জুলাই গণ-অভ্যুত্থানে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে উদ্ভূত পরিস্থিতিতে তাঁর কাছ থেকে আরও দায়িত্বশীল মন্তব্য প্রত্যাশা করে সরকার।

ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই সরকার হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে সর্বোচ্চ তৎপরতা শুরু করেছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। যথাযথ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করা হবে এবং জড়িতদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

রাজনীতি শীর্ষ সংবাদ