জাতীয় ডেস্ক
দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে দেশের ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘ লাইনে অপেক্ষার ভোগান্তি কমিয়ে নগরবাসীকে সহজে চিকিৎসা সুবিধা দেওয়া এবং বিশেষ করে নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই কার্যক্রম শুরু হচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ’ শীর্ষক এক আলোচনা সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও অংশীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রান্তিক ও নগর এলাকার সাধারণ মানুষের চিকিৎসা প্রাপ্তি সহজ করতে এই সেবার আধুনিকায়ন করা হচ্ছে। এর মাধ্যমে হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ কমবে এবং স্বল্প সময়ে মানুষ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করতে পারবে।
একই সাথে দেশের চিকিৎসাসেবার আধুনিকায়নে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত সেবা সম্প্রসারণের ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, দেশের উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করার প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি ঢাকার বাইরে অবস্থিত ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং জেলা সদর হাসপাতালগুলোতেও ডায়ালাইসিস সুবিধা ক্রমান্বয়ে সম্প্রসারণ করা হবে। এর ফলে ঢাকার বাইরের রোগীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে রাজধানীতে আসার প্রবণতা ও খরচ হ্রাস পাবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গ্রামীণ স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন অবকাঠামো নির্মাণ, নতুন ভবন স্থাপনসহ বিভিন্ন বহুমুখী কার্যক্রম দেশজুড়ে বাস্তবায়ন করা হচ্ছে। লক্ষ্য একটাই—দেশের কোনো প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না থাকে এবং চিকিৎসার অভাবে যাতে কোনো নাগরিকের প্রাণহানির ঘটনা না ঘটে। জনস্বাস্থ্যের টেকসই মানোন্নয়নে এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।


