বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতার জন্য উন্মুক্ত থাকার পাশাপাশি স্বাধীনভাবে তার পররাষ্ট্রনীতি পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, 'আমরা অন্য খেলোয়াড়দের খেলার দাবার বোর্ড হতে চাই না। আমরা নিজেদের শর্তে খেলতে চাই।'
শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের 'নতুন করে লেখা এক বিশ্ব' শীর্ষক এক সেশনে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, 'আমরা মাথা উঁচু করে বিশ্বের বাকিদের সাথে আলোচনা, সহযোগিতা এবং অংশীদারিত্ব করতে প্রস্তুত। তবে অবশ্যই মনে রাখতে হবে যে, আমাদের পররাষ্ট্রনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জনগণের স্বার্থ।'
শামা ওবায়েদ আরও বলেন, 'অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও উপসাগরীয় যুদ্ধের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। যেখানে আমাদের দুটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। এর মধ্যে একটি হলো অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং অন্যটি হলো বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, যারা উপসাগরীয় দেশগুলোতে বসবাস ও কাজ করেন।'
জ্বালানি সংগ্রহ করতে নতুন উৎস এবং নতুন ক্ষেত্রগুলোর দিকে নজর দিচ্ছি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'দেশে আমাদের নিজস্ব গ্যাস এবং এলএনজির উৎস রয়েছে, যা এর আগে বা বিগত সরকারের আমলে কখনো অনুসন্ধান করা হয়নি। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আমরা ইতোমধ্যেই এর অনুসন্ধান শুরু করেছি। আমরা সৌরবিদ্যুতের দিকে নজর দিচ্ছি এবং প্রতিটি নাগরিককে জ্বালানির ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করার চেষ্টা করছি।'
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) 'নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা' স্লোগানে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

