জনকল্যাণ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জনকল্যাণ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকার বদ্ধপরিকর: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জাতীয় ডেস্ক

জনগণের ভাগ্য উন্নয়ন ও কল্যাণ সাধনই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, রাজনীতি ক্ষমতা ভোগের কোনো প্রক্রিয়া নয়, বরং এটি জনগণের ভাগ্য উন্নয়নের একটি মাধ্যম। বর্তমান সরকার একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের কৃষি ও পরিবেশ উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমান সরকারও সেই পরিবেশবান্ধব উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছে।

গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী বলেন, যে রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে সেই সক্ষমতার পরিচয় দিয়েছেন। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পথ অনুসরণ করে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করেছেন। রাজপথের আপসহীন আন্দোলন, সামাজিক কর্মকাণ্ড এবং দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের ‘রাষ্ট্র মেরামত’-এর রূপরেখা প্রণয়নের মাধ্যমে তিনি একজন সুদূরপ্রসারী রাষ্ট্রনায়কের পরিচয় দিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের দেশপ্রেম ও আদর্শ তুলে ধরতে হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্মকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর আসন্ন বরিশাল সফর নিয়ে কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আসন্ন বরিশাল সফরের মূল কেন্দ্রবিন্দু বৃক্ষরোপণ কর্মসূচি হলেও, সফরকালে তিনি দলের নীতিনির্ধারক এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের এই বরিশাল সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এই সফরের জন্য বরিশালকে বেছে নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ইতোমধ্যে সাধারণ মানুষের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে তথ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও ফলদ গাছের চারা রোপণ করে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

জাতীয় শীর্ষ সংবাদ