অপরাধ ডেস্ক
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল সদ্য স্নাতক সম্পন্ন করে গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরিতে যোগ দিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাথায় ছাতা দিয়ে কুড়িল বিশ্বরোড এলাকায় অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন রাকিবুল। মাথায় ছাতা থাকায় তিনি ট্রেনের হর্ন শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে। এ সময় বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রাকিবুলের গ্রামের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার চর খলিফা গ্রামে। তিনি ওই এলাকার প্রাইভেটকার চালক মো. মফিজুল ইসলামের তিন ছেলের মধ্যে বড় ছিলেন। তারা রাজধানীর কুড়াতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গতকালই তিনি নতুন চাকরিতে যোগদান করেছিলেন এবং আজ ছিল তার কর্মজীবনের দ্বিতীয় দিন। সকালে কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


